সড়কে বৃষ্টিতে ভিজে ইশরাক সমর্থকদের উল্লাস, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথে বাধা নেই—হাইকোর্টের এই আদেশের পর রাজধানীর মৎস্যভবন মোড়ে অবস্থান নিয়েছেন তার শত শত সমর্থক। বৃষ্টিতে ভিজেও তারা স্লোগান দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে। সেই সঙ্গে চলছে বিজয় মিছিলের প্রস্তুতিও।
সমর্থকদের এই অবস্থান কর্মসূচির ফলে মৎস্যভবন মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের এলাকায়ও। সেগুন বাগিচা, পল্টন, জাতীয় প্রেস ক্লাব সড়ক, দোয়েল চত্বর, বিজয়নগর ও তোপখানা রোডে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচি শুরু করেন তার সমর্থকেরা। সারারাত সেখানেই অবস্থান করেন তারা। বৃহস্পতিবার আদালতের আদেশের পরও আন্দোলনকারীদের একটি অংশ সেখানে অবস্থান অব্যাহত রেখেছেন।
হাইকোর্ট বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন। এর ফলে শপথগ্রহণে আর আইনি বাধা থাকল না।
আদালতের আদেশের খবর পাওয়ার পর কাকরাইলের অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাদের ভাষায়, এটি তাদের ‘প্রাথমিক বিজয়’। তবে একইসঙ্গে তারা সরকারের অন্তর্বর্তী দুই উপদেষ্টা—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিও জানিয়েছেন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনস্থলে এসে ইশরাক হোসেন বলেন, “মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একইসঙ্গে তিনি দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, “সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে তাঁদের পদত্যাগ জরুরি।
পরে ইশরাক হোসেন আন্দোলনস্থলে অবস্থান নেন এবং দিবাগত রাত পৌনে ১২টা পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে সময় কাটান। সমর্থকেরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।