সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা, পুনর্বিবেচনা করবে বিএনপি
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে বর্তমান সরকারের প্রতি বিএনপির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।
আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে খন্দকার মোশারফ হোসেন বলেন, যথাশীঘ্র সম্ভব, জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা মনে করি, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা জরুরি।
তিনি বলেন, এই জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। এর অন্যথা হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।
খন্দকার মোশারফ অভিযোগ করেন, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক সিদ্ধান্তে বিএনপির প্রস্তাব ও পরামর্শকে উপেক্ষা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে বিষয়গুলো আমরা আজ তুলে ধরছি, সেগুলো আগেও বলেছি। আবারও বলছি—এগুলো যদি আগের মতোই উপেক্ষিত হয়, তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমন পরিস্থিতিতে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কি না, তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে, অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আসছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সরকার যদি একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দিষ্ট রোডম্যাপ না দেয়, তাহলে আন্দোলনসহ পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
বিএনপি মনে করছে, নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান পরিস্থিতিতে একমাত্র সমাধান।