সরকারের প্রস্তাবিত নীতিতে ইন্টারনেটের দাম ২০% বাড়বে: আইএসপিএবি

নতুন খসড়া নীতিমালা কার্যকর হলে দেশের ইন্টারনেট সেবার খরচ গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটির দাবি, প্রস্তাবিত নীতিমালায় অতিরিক্ত ফি, রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স নবায়নের উচ্চ ব্যয় আরোপের ফলে শুধু গ্রাহক নয়, দেশীয় উদ্যোক্তারাও বড় ধরনের আর্থিক চাপে পড়বেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম ও মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম অভিযোগ করেন, নতুন নীতিমালায় বিদেশি কোম্পানি স্টারলিংকের পক্ষে সুবিধাজনক পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি বলেন, স্টারলিংক মাত্র ১২ লাখ টাকায় অনুমোদন পাচ্ছে, সেখানে স্থানীয় কোম্পানিগুলোকে দিতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থে লাইসেন্স নবায়ন। এটা সম্পূর্ণ বৈষম্যমূলক।

তিনি আরও জানান, বর্তমান নীতিমালায় মোবাইল অপারেটররা নানা সুবিধা পাচ্ছে। অধিকাংশ মোবাইল অপারেটরই বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় দেশীয় উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।‘রাষ্ট্রের স্বার্থে এই বৈষম্যের ব্যাখ্যা প্রয়োজন,’ বলেন আমিনুল হাকিম।

স্বাগত বক্তব্যে মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, প্রস্তাবিত গাইডলাইন বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম বাড়বে, পাশাপাশি গ্রাহকের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।ইন্টারনেট এখন বিলাস নয়, মৌলিক সেবা। খরচ বাড়লে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি ব্যাহত হবে,’ বলেন তিনি।

আইএসপিএবির উপস্থাপিত তথ্য অনুযায়ী: গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ বাড়বে ২০ শতাংশ পর্যন্ত, ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) ক্রয়মূল্য বাড়বে ১৪ শতাংশ পর্যন্ত, নতুন করে আরোপ হচ্ছে ৫.৫ শতাংশ রেভিনিউ শেয়ারিং ও ১ শতাংশ সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ), উচ্চ লাইসেন্স ফি ও প্রশাসনিক চার্জ সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে, মোবাইল অপারেটরের ফাইবার সংযোগে আপত্তি

আইএসপিএবি জানায়, প্রস্তাবিত নীতিমালায় মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস এক্সেস (এফডব্লিউএ) ও লাস্ট মাইল ফাইবার সংযোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এতে আইএসপি ব্যবসায়ীদের জন্য অন্যায্য প্রতিযোগিতা তৈরি হবে এবং স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে।

প্রস্তাবিত নীতিমালায় সংশোধন আনার দাবিতে আইএসপিএবি সাতটি দাবি তুলে ধরে। সেগুলো হলো: সিএমএসপি গাইডলাইন থেকে এফডব্লিউএ (ওয়্যারলেস ওয়াই-ফাই) অপসারণ, ফাইবার কানেক্টিভিটি স্থাপনের অনুমতি বাতিল, আইএসএম/ওয়াইফাই ব্যান্ডের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ, অবকাঠামো শেয়ারিং বিষয়ে স্পষ্ট নীতিমালা, রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি পুনর্বিবেচনা, আইপিটিএসপি এসএমএস সার্ভিস ও মোবাইল ডায়ালার বিষয়ে স্পষ্ট নির্দেশনা, এফটিএসপি ও জেলা এফটিএসপি অপারেটরদের মধ্যে বৈষম্য দূর করা

আইএসপিএবি মনে করে, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে দেশের ডিজিটাল অগ্রযাত্রা ব্যাহত হবে, বাড়বে সাধারণ মানুষের ইন্টারনেট খরচ। তাই নীতিনির্ধারকদের জনগণের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

All Categories