শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক যাত্রা ওয়ালটনের, হাজারের অধিক আউটলেট
শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন। শনিবার (১০ মে) সন্ধ্যায় কলম্বোর ‘সিনামন লাইফ হোটেল’-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়।
‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। আয়োজক ছিল শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান ও ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রোটেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে শ্রীলঙ্কার চার শতাধিক পরিবেশক ব্যবসায়ী অংশ নেন।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতার মাধ্যমে শ্রীলঙ্কায় ওয়ালটন একটি পরিচিত ব্র্যান্ড। এবার আমরা আনুষ্ঠানিকভাবে সেখানকার বাজারে যাত্রা শুরু করলাম। পণ্যের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির দিক দিয়ে ওয়ালটন নিয়মিত বিনিয়োগ করে আসছে। শ্রীলঙ্কার মতো বাজারে আমাদের সম্ভাবনা অনেক।
তিনি জানান, চীন ও দক্ষিণ কোরিয়ায় রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) সেন্টার স্থাপন, সর্বাধুনিক প্রযুক্তি সংযোজন, বিদ্যুৎ সাশ্রয়ী ও কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর পণ্য উৎপাদনের মধ্য দিয়ে ওয়ালটন বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
ব্যবসায়িক অংশীদার ড. ওয়াসালা বলেন, পণ্যের গুণগত মান, প্রযুক্তির ব্যবহার ও দামের প্রতিযোগিতায় ওয়ালটন এগিয়ে। খুব দ্রুতই শ্রীলঙ্কার সহস্রাধিক আউটলেটে এই ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব বলেন, ওয়ালটনের এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে।
ওয়ালটন মাইক্রোটেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, ওয়ালটনকে বিশ্বসেরা ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যেই আন্তর্জাতিক বাজারে আমরা এগিয়ে চলেছি। শ্রীলঙ্কার বাজারে সফল যাত্রা সে পথে আরও এক ধাপ অগ্রগতি।
ওয়ালটন জানিয়েছে, শ্রীলঙ্কায় তারা শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক গড়ে তুলেছে। এখন থেকে দেশটির বাজারে ওয়ালটনের ফ্রিজ, টিভি, এসি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।