স্পিকার: কার্যকর সংসদই গণতন্ত্রের মূল ভিত্তি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রোববার বলেন, সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব হলো সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি জাতীয় সংসদের শপথ কক্ষে ‘‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন।
স্পিকার আরও জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে জটিলতাও বেড়েছে। তাই একজন সংসদ সদস্য হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই ওরিয়েন্টেশন থেকে পাওয়া জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের আশা পূরণে কাজ করছে, যেখানে অতীতের অনির্বাচিত সদস্যদের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্পিকার উল্লেখ করেন, সরকারের উন্নয়ন প্রকল্পে সহযোগিতার জন্য ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের নির্বাচনে অনির্বাচিত সদস্যের সংখ্যা বেশি ছিল, তবে বর্তমানে সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শুধু বাজেট পর্যবেক্ষণ যথেষ্ট নয়, বরং বরাদ্দ অর্থ প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে কিনা নিশ্চিত করাও জরুরি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে।
অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ বক্তব্য দেন। এছাড়া সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।