সৌদিতে নিষেধাজ্ঞা উঠার পর জিটিএ গেমের জনপ্রিয়তা বেড়েছে
গত বছর পর্যন্ত সৌদি আরবে নিষিদ্ধ ছিল ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) গেমটি। বর্তমানে দেশটির গেমপ্রেমীরা এই গেমটি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। যুবরাজের নেতৃত্বাধীন দেশটির সার্বভৌম সম্পদ তহবিলও এই গেমে বিনিয়োগ করেছে।
বিশ্বের বিভিন্ন দেশে গেমাররা ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) খেলতে শুরু করেছে, যা সৌদি আরবে ২০২৫ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সিরিজের প্রথম নবীন সংস্করণ। স্থানীয় কনটেন্ট নির্মাতা থামের আল দায়রেম বলেন, ‘‘সৌদি আরবে বৈধভাবে জিটিএ ৬ খেলা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কারণ এটি একসময় নিষিদ্ধ ছিল।’'
সৌদি আরবের গেমিং খাতে বিনিয়োগ ও সমর্থন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার পেছনে বড় ভূমিকা পালন করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০২৩ সালে তিনি ফক্স নিউজকে জানান, গেমিং তাকে মানসিক চাপ কমাতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) বড় অংশীদারিত্ব রয়েছে। টেক-টু ইন্টারঅ্যাকটিভের মালিকানাধীন রকস্টার গেমস গেমটি তৈরি করেছে।
সৌদির সামাজিক সংস্কৃতি বদলাতে যুবরাজ নানা উদ্যোগ নিয়েছেন। ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতির বহুমুখী উন্নয়ন লক্ষ্য রাখা হয়েছে। সম্প্রতি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠান গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস ও ইউনিটি সফটওয়্যারে বড় বিনিয়োগ ও অধিগ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।
সৌদি আরবের শপিং মলগুলোতে জিটিএ ৬-এর বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে, যেখানে গেমটির নারী চরিত্রকে হালকা পোশাকে দেখা যায়, যা কয়েক বছর আগেও দেশটির সামাজিক রীতিনীতির বিরুদ্ধে হতো। স্থানীয় কনটেন্ট নির্মাতা আল দায়রেম বলেন, ‘‘গেমটিতে সহিংসতা ও যৌনতার দৃশ্য থাকলেও এটি বয়ঃসীমা নির্ধারিত এবং অন্য দেশের বাস্তবতা তুলে ধরে।’’ তিনি আরও বলেন, ‘‘শহরের নাম ভাইস সিটি, যা মিয়ামির অনুকরণ, এবং এসব ঘটনা আমাদের সমাজের সঙ্গে সম্পর্কহীন।’’
আল দায়রেম জিটিএ ৬-এর বিজ্ঞাপন শপিং মলে দেখে খুব খুশি হয়েছেন এবং বলেন, ‘‘দশ বছর আগে এমন দৃশ্য সৌদি আরবে দেখা অসম্ভব ছিল।’’