সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রবিবার ঈদ
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে আগামী রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (২৯ মার্চ) মক্কা সময় সন্ধ্যার পর সৌদির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এবং আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে।
আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মাগরিবের নামাজের পর সৌদির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া পর্যবেক্ষণের ভিত্তিতে তারা চাঁদ দেখার তথ্য যাচাই করে। এরপর ২৯ দিন রোজা পালন শেষে রমজান মাসের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশজুড়ে ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
ইসলামিক হিজরি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়। এবার সৌদি আরবে ২৯ রমজানেই চাঁদ দেখা যাওয়ায় রমজান মাস ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ উদযাপন করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবজুড়ে ১৫ হাজার ৯৪৮টিরও বেশি মসজিদ এবং ৩ হাজার ৯৩৯টি উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মুসলিম পরিবারগুলো ইসলামের অন্যতম আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ এই দিনটি একত্রে উদযাপন করবে।
বিশ্বব্যাপী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়। ইতোমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইরানসহ বেশ কয়েকটি দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে।