সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত, আটক ২
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)।
এ ঘটনায় ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে তার ।
প্রত্যক্ষদর্শীও পুলিশ সূত্রে জানা যায়, এরপর দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।
নিহত সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা শাহরিয়ারকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক জানিয়েছেন, “ছুরিকাঘাতে সাম্যর মৃত্যু হয়েছে।”
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।