সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকী জামিনে মুক্ত

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

রায়ের পর সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “বিচার বিভাগের প্রতি দেশের মানুষের ও আমাদের আস্থা আছে। আমার ভাই লতিফ সিদ্দিকীর জামিন তার প্রমাণ। আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাই।”

গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত।

মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ এর ব্যানারে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের উসকানি দেন। পরে বৈঠকে উপস্থিত ৭০–৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে কাজের কথা বললেও, বাস্তবে তারা সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

জামিন আদেশের ফলে দীর্ঘ দুই মাস পর লতিফ সিদ্দিকীর কারামুক্তির পথ খুলল।

All Categories