সন্তান মানুষ করার পাঁচ পদ্ধতি: কোন পথে হাঁটছেন আপনি?
সন্তান মানুষ করা নিছক দায়িত্ব নয়—এ যেন জীবনের প্রতিদিনকার এক কঠিন পরীক্ষা। কবে কোথায় কীভাবে ভুল হলো, তা বুঝে ওঠার আগেই সামনে চলে আসে নতুন চ্যালেঞ্জ। যুগ বদলেছে, বদলেছে অভিভাবকত্বের ধারা ও কৌশল। প্রতিটি বাবা-মায়ের অভিজ্ঞতা আলাদা, অভ্যস্ততাও আলাদা। তবে গবেষণা বলছে, শিশুর মানসিক ও সামাজিক বিকাশে অভিভাবকত্বের ধরন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
সাম্প্রতিক সময়ে অভিভাবকত্ব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে পাঁচটি বিশেষ পদ্ধতি নিয়ে। প্রতিটি পদ্ধতির আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোন পথে আপনার যাত্রা, মিলিয়ে নিন—
১. কর্তৃত্বপূর্ণ অভিভাবকত্ব:
এই অভিভাবকত্বে নিয়মের কড়াকড়ি যেমন থাকে, তেমনি থাকে ভালোবাসা ও বোঝাপড়া। বাবা-মা স্পষ্টভাবে জানান সন্তানদের সীমা—কী করা যাবে, কী যাবে না। একই সঙ্গে সন্তানের মতামতকে গুরুত্ব দেন, শুনে বোঝার চেষ্টা করেন।
এখানে এক ধরনের কাঠামোগত নিরাপত্তা তৈরি হয়, যেখানে শিশু নিজের অনুভূতি জানাতে পারে। এই পরিবেশে তারা আত্মবিশ্বাসী হয়, শেখে সমস্যা সমাধান, দায়িত্বশীলতা এবং সামাজিক আচরণ। গবেষণা বলছে, এই ধরনের অভিভাবকত্বে বড় হওয়া শিশুরা তুলনামূলকভাবে মানসিকভাবে বেশি স্থিতিশীল হয়।
২. ক্ষমতাবাদী অভিভাবকত্ব:
এই ধারায় সন্তানদের ওপর নিয়ম চাপিয়ে দেওয়া হয়—কেন এমন নিয়ম, সে প্রশ্ন তোলার অবকাশ থাকে না। বাবা-মায়ের প্রত্যাশা, সন্তান নিখুঁতভাবে নির্দেশ মেনে চলবে।
এই পদ্ধতিতে শৃঙ্খলার নামে তৈরি হয় এক রকম ভয়ভীতির পরিবেশ। শিশুরা মানসিকভাবে বাবা-মায়ের সান্নিধ্যে ভরসা পায় না। আত্মবিশ্বাস কমে, নিজেকে প্রমাণের চাপে তারা ক্রমাগত উদ্বিগ্ন হয়ে পড়ে। ফলে অনেক সময় দেখা যায়, সমস্যার মুখে তারা আত্মস্থ থাকতে পারে না, সহজে ভেঙে পড়ে।
৩. উপেক্ষাপূর্ণ অভিভাবকত্ব:
এই অভিভাবকত্বে সন্তানদের সঙ্গে বাবা-মায়ের যোগাযোগ প্রায় নেই বললেই চলে। যতটুকু না হলে নয়, ততটুকুই থাকে কথাবার্তা বা অংশগ্রহণ।
শিশুরা এই পরিস্থিতিতে নিজেদের একা ও অবহেলিত মনে করে। তারা বাবা-মাকে কাছের মানুষ ভাবতে শেখে না, ফলে মানসিকভাবে হয়ে ওঠে দুর্বল। দীর্ঘমেয়াদে সামাজিক জীবনে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়ে। সম্পর্ক তৈরি করতে পারে না, টিকে থাকতেও কষ্ট হয়।
৪. হেলিকপ্টার অভিভাবকত্ব:
এই পদ্ধতিতে বাবা-মা শিশুর প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করেন। কোথায় যাবে, কী পড়বে, কার সঙ্গে মিশবে—সব কিছুর নেপথ্যে থাকেন অভিভাবক।
এতে একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠলেও শিশুর নিজের ওপর বিশ্বাস গড়ে ওঠে না। সিদ্ধান্ত নিতে শেখে না। ভুল করার বা শেখার সুযোগও খুব সীমিত হয়ে যায়। ফলে ভবিষ্যতে স্বাধীনভাবে চলা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
৫. উচ্চ প্রত্যাশাভিত্তিক অভিভাবকত্ব:
এই ধরনে মূলমন্ত্র—‘সব ক্ষেত্রেই সেরা হতে হবে’। সন্তানের প্রতিটি পদক্ষেপে থাকে তুলনা, প্রতিযোগিতা আর চাপ। বাবা-মায়ের উদ্দেশ্য ভালো হলেও সীমাবদ্ধতা বোঝার চেষ্টা থাকে না।
অনেকে হয়তো সফল হয়, কিন্তু অধিকাংশ শিশুই এই চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। নিজের প্রতি আস্থা কমে যায়, এক ধরনের ভয় ভর করে মনে—‘না পারলে?’ ক্রমাগত এই চাপ থেকেই তৈরি হতে পারে বিষণ্নতা, উদ্বেগ বা মানসিক জটিলতা।
সন্তান মানুষ করার নির্দিষ্ট ফর্মুলা নেই। তবে ভালোবাসা, বোঝাপড়া, শৃঙ্খলা আর সংবেদনশীলতার একটি ভারসাম্য—এই পথেই জন্ম নিতে পারে ভবিষ্যতের আত্মবিশ্বাসী, দায়িত্ববান প্রজন্ম।
আপনি কোন পথ ধরেছেন? সময় থাকতে একবার ভাবুন।