সংস্কার ঠিক কোন জায়গায়, কীভাবে হবে–পরিষ্কার নয়: আনু মুহাম্মদ
অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সংস্কার প্রসঙ্গে অনেক আলোচনা হলেও কোথায় এবং কীভাবে সংস্কার হবে, তা এখনো পরিষ্কার নয়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, একমাত্র সংবিধান নিয়ে কিছু সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। এর বাইরে অন্য কোনো বিষয়ে সংস্কারের প্রকৃত উদ্যোগ আমরা দেখিনি। নদী নিয়ে তো কোনো সংস্কার কমিশনই হয়নি। অথচ নদী আমাদের অস্তিত্বের অংশ। নদী না থাকলে অস্তিত্বও থাকবে না।
সরকার নদী রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে এই অর্থনীতিবিদ বলেন, সরকারের সহজ কাজ ছিল নদী নিয়ে যারা কাজ করছেন, তাঁদের সম্পৃক্ত করা। ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করাও জরুরি ছিল। কিন্তু সরকার তা করতে পারেনি। তিনি মনে করেন, ভারত এই কনভেনশনে সই না করলেও বাংলাদেশের করা উচিত।
আনু মুহাম্মদ বলেন, নদীর পানিবণ্টনে ভারত কখনো বহুপক্ষীয় আলোচনায় আগ্রহ দেখায়নি। দ্বিপক্ষীয় আলোচনায় গিয়েও বাংলাদেশ লাভবান হয়নি। সমুদ্রসীমা নির্ধারণে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক আইনের সহায়তায় এসেছে। তাই নদীর ন্যায্য হিস্যা আদায়ে বিকল্প পথ খুঁজে বের করতে হবে।
আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে ভারতের ভেতরে তৈরি জটিলতার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ফারাক্কা বাঁধের বিরোধিতা ভারতের ভেতরের বিশেষজ্ঞরা করেছেন। এখন ভারতের মধ্যেই বাঁধ ভাঙার দাবি উঠছে। এ অবস্থায় ভারতের ভেতরের বিভিন্ন বাঁধবিরোধী মানুষের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সংহতি বাড়ানো দরকার। একই সঙ্গে ভারতের শাসকগোষ্ঠীর ওপর চাপ তৈরি করতে হবে।