সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৈঠকে তিন বাহিনীর প্রধানদের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি, র্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। উপস্থিত আছেন নির্বাচন কমিশনাররাও।
ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। কমিশন ইতিমধ্যে সংসদ নির্বাচনে এক ডজন চ্যালেঞ্জ চিহ্নিত করেছে।
এর মধ্যে রয়েছে— ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও তথ্য আদান–প্রদান , অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা সহযোগিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কৌশল নির্ধারণ, পোস্টাল ভোট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা, অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রন, পার্বত্য ও দুর্গম অঞ্চলে নির্বাচনী দ্রব্য পরিবহনসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা, ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা
বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত করা হবে।
ইসি কর্মকর্তাদের মতে, নির্বাচনী চ্যালেঞ্জগুলো আগে থেকেই চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা হলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের পথ আরও সুগম হবে।