সংলাপের সাফল্য নির্ভর করবে গণতান্ত্রিক ঐক্যের ওপর: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশের গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের ওপরই সংলাপের সাফল্য নির্ভর করছে। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে আমাদের লক্ষ্য এক গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র বিনির্মাণের পথে অগ্রসর হওয়া।

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবেই। আমরা সকলেই এক ভাষায় কথা বলব না, সেটাই স্বাভাবিক। তবে রাষ্ট্র নির্মাণের যে বড় লক্ষ্য, সেখানে আমরা ঐক্যবদ্ধ। এই ঐক্যের ওপরই নির্ভর করছে আমাদের অগ্রগতি।

সংলাপে অংশ নেওয়া সব পক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন। দেশের মানুষ পরিবর্তন চায়। যাঁরা এই রাষ্ট্রের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চাই।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, বাংলাদেশে দীর্ঘদিনের গণতন্ত্রের সংগ্রামে বিশেষ করে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে প্রাতিষ্ঠানিক সম্ভাবনাগুলো প্রায় বিলুপ্ত হয়েছিল। সেই শাসনের বিরুদ্ধে যাঁরা লড়েছেন, তাঁদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম। এখন সেই সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, যা শুধু কমিশনের আকাঙ্ক্ষা নয় এই রাষ্ট্রের ভবিষ্যতের বিষয়। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো আমরা সকলে একত্র হয়ে রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগ নিতে পারছি। এই পথ সহজে আসেনি কমপক্ষে ১৪ শ’ মানুষের রক্তের বিনিময়ে এ পথ উন্মুক্ত হয়েছে।

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।

All Categories