Mar 13, 2025
সমর্থন অভাবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রোনালদোর

সমর্থন অভাবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রোনালদোর

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। দেশটির ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সিবিএফের উন্নয়নে ভূমিকা রাখতে তিনি এ পদে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত আঞ্চলিক ফেডারেশনগুলোর প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে রোনালদো লেখেন সিবিএফের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল। তবে এখন আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।

৪৮ বছর বয়সী এই ফুটবল মহাতারকা তার সিদ্ধান্তের পেছনে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তারা মনে করেন ব্রাজিলিয়ান ফুটবল ভালো মানুষের হাতেই আছে।

প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলের ২৭টি আঞ্চলিক ফুটবল ফেডারেশনের মধ্যে ২৩টি রোনালদোর প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। তারা বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের পক্ষেই সমর্থন জানিয়েছে ফলে রোনালদোকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে, রোনালদো ব্রাজিলিয়ান ফুটবলের গভীর সংকট মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি পেপ গার্দিওলাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনাও করেছিলেন তবে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তার এই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে ব্রাজিল ফুটবল একাধিক সংকটের মধ্যে রয়েছে। তিতের বিদায়ের পর কোচ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। প্রথমে রামোন মেনেজেস এবং ফার্নান্দো দিনিজ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার জন্য আলোচনায় এলেও সিবিএফের অভ্যন্তরীণ সংকটের কারণে তার নিয়োগ সম্ভব হয়নি। আনচেলত্তি পরবর্তীতে রিয়াল মাদ্রিদে থাকতেই চুক্তি নবায়ন করেন।

বর্তমানে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দরিভাল জুনিয়র। তার অধীনে শুরুতে দলের পারফরম্যান্স ভালো থাকলেও পরে ধারাবাহিকতা হারায়। কোপা আমেরিকায় ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাইপর্বে তেমন ভালো ফলাফল আসছে না। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বর্তমানে ১০ দলের মধ্যে ৫ নম্বরে অবস্থান করছে।

সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হবে এবং আগামী ১২ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হবে। ধারণা করা হয়েছিল রোনালদোর অংশগ্রহণে রদ্রিগেজের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে রোনালদো সরে দাঁড়ানোর পর আপাতত রদ্রিগেজ নিরঙ্কুশভাবে নির্বাচনে জয়ী হওয়ার পথ সহজ করে নিয়েছেন।

All Categories