সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

সম্পর্কের ভাঙন কারও জন্যই সুখকর নয়। তবু মাঝেমধ্যেই দেখা যায়, দীর্ঘ দিনের সম্পর্কেও দূরত্ব তৈরি হচ্ছে। কখনও কখনও আচমকাই শুরু হয় বিচ্ছেদের সুর। এমন পরিস্থিতিতে অনেকেই বুঝে উঠতে পারেন না কীভাবে সম্পর্ক সামলে রাখবেন কিংবা বিচ্ছেদ ঠেকাবেন। আবার এই টানাপোড়েন অনেক সময় মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে, তৈরি হয় সিদ্ধান্তহীনতার দ্বিধা।

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের অস্থিরতার মুহূর্তে কিছু বিষয় মাথায় রাখলে ভাঙনের ঝুঁকি কমানো সম্ভব। দেখে নেওয়া যাক কীভাবে।

১. খোলামেলা কথা বলুন

সম্পর্কে যখন দু'জনের অনুভূতি, মতামত কিংবা সিদ্ধান্ত একেবারে ভিন্ন পথে চলে যেতে থাকে, তখনই সংকট তৈরি হয়। রাগ, দুঃখ বা হতাশা চেপে রাখার বদলে সরাসরি কথা বলাই সবচেয়ে কার্যকর উপায়।

অনেক সম্পর্ক শুধুমাত্র ঠিকঠাক কথোপকথনের অভাবে ভেঙে যায়। তাই মন খুলে নিজের কথা বলা এবং অপরের কথা মনোযোগ দিয়ে শোনা উভয়ই জরুরি।

২. বাস্তবতা মেনে চলুন

রক্তের সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্ক থেকে সম্পূর্ণ নিশ্চয়তা পাওয়ার আশা করা বাস্তবে সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ে বা কমে।

স্বপ্ন দেখা দোষের নয়, তবে বাস্তবতার মাটিতে পা রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অবাস্তব প্রত্যাশা রাখলে হতাশার আশঙ্কা বাড়ে। তাই আশা ও বাস্তবতার মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

৩. চাহিদা ও প্রাপ্তির ভারসাম্য

সম্পর্কে চাওয়া-পাওয়া থাকাটাই স্বাভাবিক। তবে সবসময় চাওয়ার সঙ্গে প্রাপ্তির মিল হবে এমন আশা করাটা যুক্তিসঙ্গত নয়।

চাহিদা ও প্রাপ্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে মনোজগতের অস্থিরতা অনেকটাই কমে। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অপরের সীমাবদ্ধতাকেও গ্রহণ করতে শিখতে হবে। এতে সম্পর্কের ভিত আরও মজবুত হয়।

পরামর্শ

মানুষের অনুভূতি, প্রত্যাশা ও বাস্তবতার মাঝে এক সূক্ষ্ম সেতু রয়েছে। সেই সেতু যত মজবুত করা যায়, ততই সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুন্দর হয়। সময়ে সময়ে সম্পর্কের যত্ন নেওয়া, খোলামেলা কথোপকথন এবং বাস্তব চিন্তা এগুলোই হতে পারে সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি।

All Categories