সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সম্পূর্ণ নির্মূল করা কঠিন: দুদক চেয়ারম্যান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্নীতিবাজ–চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভোটের মাধ্যমেই দুর্নীতি কমানোর বাস্তব সুযোগ রয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা পুরোপুরি নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজ–চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব। কিন্তু দুর্নীতিবিরোধীদের মাত্র এক দিনের উদ্যোগ দিয়ে তাদের লাগাম টেনে ধরা সম্ভব নয়। তাই সবার সমন্বিত উদ্যোগ জরুরি।

আগামী নির্বাচনে সঠিক ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের বাদ দিয়ে পরিচ্ছন্ন মানুষকে নির্বাচিত করতে পারলে দেশ উপকৃত হবে।

২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক)–এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ দিবসটি পালন করে।

এবারের প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। ঢাকাসহ দেশের আট বিভাগ, ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় বড় পরিসরে পালিত হচ্ছে দিবসটি। পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সরকারি–বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও দুর্নীতি বিরোধী নানা কর্মসূচি আয়োজন করেছে।

All Categories