সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতেই এ তথ্য জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান।

গত রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা নিচ্ছেন। এখন পর্যন্ত তাঁর একাধিক পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের পাশাপাশি রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম। বোর্ডের তত্ত্বাবধানে তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

All Categories