সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে চালানো এই হামলার কথা শুক্রবার (২ মে) সকালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, সিরিয়ার বর্তমান প্রশাসনের প্রতি একটি ‘স্পষ্ট বার্তা’ দিতে এই অভিযান চালানো হয়েছে। নেতানিয়াহু বলেন, দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনীর মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের ওপর যে কোনো হুমকি ইসরায়েল বরদাশত করবে না।

এর একদিন আগেই, বুধবার, দামেস্কের উপকণ্ঠে আরেকটি হামলা চালায় ইসরায়েল। দুটি হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল জানায়, তারা সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী, দ্রুজ হলো একটি ছোট ধর্মীয় গোষ্ঠী যারা ইসলামের একটি শাখা হিসেবে বিবেচিত। এই সম্প্রদায়ের মানুষ মূলত সিরিয়া, লেবানন ও ইসরায়েলে বসবাস করেন।

সম্প্রতি দামেস্কের সাহনায়াহ শহরে জাতিগত সহিংসতায় অন্তত ৪০ জন নিহত হন। এলাকাটি মূলত দ্রুজ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাসের জন্য পরিচিত। এ ঘটনায় দ্রুজদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় ইসরায়েল, এরপরই সিরিয়ার অভ্যন্তরে টানা দুইদিন হামলা চালায় দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই হামলা সিরিয়ার বর্তমান শাসকদের ওপর ইসরায়েলের গভীর অনাস্থার প্রতিফলন। ইসলামপন্থি সুন্নি মতাদর্শে বিশ্বাসী অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে দেশটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে অব্যাহত সংঘাত ও বিদেশি হস্তক্ষেপ তার পথকে কঠিন করে তুলছে।

সিরিয়া হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ। যদিও সরকারি বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

All Categories