সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে কড়া অবস্থান নিয়েছে ভারত। এর অংশ হিসেবে ভারত সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নানা ব্যবস্থা নিচ্ছে।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করে, তবে পাকিস্তান সামরিকভাবে জবাব দেবে।

শুক্রবার (২ মে) জিও নিউজের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নয়া পাকিস্তান-এ অংশ নিয়ে খাজা আসিফ বলেন, তারা যদি যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা করে, অবশ্যই আমরা হামলা চালাবো।

তিনি আরও বলেন, "আগ্রাসন মানে শুধু গুলি বা কামান নয় পানিপ্রবাহ বন্ধ করা বা ভিন্নপথে চালিত করাও এক ধরনের আগ্রাসন। এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষ প্রাণ হারাতে পারে।

পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, আপাতত বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলে ধরা হচ্ছে এবং গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসলামাবাদ।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও কড়া সমালোচনা করেন খাজা আসিফ। তিনি বলেন, "আসন্ন নির্বাচন সামনে রেখে মোদি এই নাটক করছেন রাজনৈতিক লাভের আশায়।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে ভারতের ওপর বৈশ্বিক চাপ যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে আমি বলব না যে, হামলার হুমকি একেবারে কেটে গেছে।

All Categories