শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি কে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে মাজহারুল ইসলাম জানান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থা অবনতির কারণে সকালে তাঁকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি লেখেন, ‘স্যারের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন।’

পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের প্রতি হাসপাতালে ভিড় না করে তাঁর জন্য প্রার্থনা ও মঙ্গল কামনার অনুরোধ জানানো হয়েছিল।

গত শুক্রবার (৩ অক্টোবর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন সৈয়দ মনজুরুল ইসলাম। গাড়িচালক একজনের সহায়তায় তাঁকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে নিয়ে যান। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে দুটি রিং পরানো হয়।

সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন।

১৯৫১ সালে সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা শেষে ২০১৮ সালে অবসর গ্রহণ করেন তিনি। পরের বছর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

All Categories