শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার

ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে মুক্ত করার জন্য তুরস্কের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে—আজই (শুক্রবার) বিশেষ একটি বিমানযোগে শহিদুল আলমকে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ এখনো শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পরপরই জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। তাঁর মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিতে বলা হয়।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, তিন দেশের দূতাবাসই শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর নৌযাত্রায় অংশ নিয়েছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে গঠিত আরেক উদ্যোগ ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’র আটটি নৌযানও ওই অভিযানে যোগ দেয়। মোট নয়টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন। গত বুধবার ওই নৌবহরে হামলা চালিয়ে সব যাত্রী ও নাবিককে আটক করে ইসরায়েলি সেনারা।

All Categories