সেরা কোচের জন্য ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত ব্রাজিল

দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচ খুঁজছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এরই মধ্যে চার কোচের একটি সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছে তারা।

তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, আল হিলালের হোর্হে জেসুস, ফেনারবাচের হোসে মরিনহো ও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল পেরেইরা।

এই চার কোচই এখন নিজ নিজ ক্লাবে চুক্তিবদ্ধ। তাঁদের কাউকে ব্রাজিলের ডাগআউটে আনতে হলে সেই চুক্তি ভেঙে আনতে হবে। এজন্য গুনতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। তবে সে ব্যয় মেটাতে প্রস্তুত সিবিএফ।

সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ এক সাক্ষাৎকারে বলেন, ‘জাতীয় দলের জন্য সিবিএফ সেরা কোচকেই চায়। আর সেরা কোচ পাওয়ার জন্য ক্ষতিপূরণ দেওয়াটা আমরা বিনিয়োগ হিসেবে দেখছি।’

তিনি আরও জানান, কোচ বাছাইয়ের প্রক্রিয়াটি দেখভাল করছেন সিবিএফের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো। তাঁর হাতে এরই মধ্যে একটি নাম এসেছে। বাকি কোচরাও আলোচনায় আছেন। কায়তানো চূড়ান্ত বিশ্লেষণ শেষ করলে, প্রেসিডেন্ট তাঁর সঙ্গে বসবেন বলে জানিয়েছেন রদ্রিগুয়েজ।

রদ্রিগুয়েজ বলেন, ‘বিস্তারিত তথ্য রদ্রিগো কায়তানোর কাছেই আছে। তিনি বিষয়টি খুব সতর্কতার সঙ্গে সামলাচ্ছেন। কোচদের সঙ্গে কথা বলার আগে তাদের ক্লাবের সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ। খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছানো হবে।’

সূত্র বলছে, সিবিএফ সভাপতির প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি এবং ক্লাবের পারফরম্যান্স বিবেচনায় তাঁকে জুলাইয়ের আগে পাওয়ার সম্ভাবনা কম। সে কারণেই আল হিলালের হোর্হে জেসুসের দিকেও ঝুঁকছে সিবিএফ।

তবে নতুন একটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে হারলে আনচেলত্তিকে বরখাস্ত করতে পারে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে রিয়াল। তাই এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

শেষ পর্যন্ত কে বসবেন ব্রাজিলের ডাগআউটে, সেটির উত্তর সময়ই দেবে। তবে সিবিএফের লক্ষ্য একটাই সেরা কোচকে দায়িত্ব দেওয়া।

All Categories