সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরানো হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল, তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই।

এর আগে গত ৫ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে আপাতত মাঠ থেকে সরিয়ে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা হবে। এ বিষয়ে সেদিন সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (এমওডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তবে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানালেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকবে।

All Categories