সাত কলেজকে নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়টি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পরিচিত হবে।

আজ রোববার (১৬ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই নাম চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের ৩২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এবং ইউজিসির সম্মাননীয় ফেলো গবেষকরা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান সাত কলেজের জন্য প্রস্তাবিত নামগুলোর মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও বলেন এই নামটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এটি অধ্যাদেশ হিসেবে জারি করা হবে।

এই সাত সরকারি কলেজগুলো হলো: ঢাকা কলেজ,ইডেন মহিলা কলেজ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,কবি নজরুল সরকারি কলেজ,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।

২০১৭ সালে শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাপদ্ধতির প্রয়োগে রাজধানীর এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় অনিয়ম এবং অদূরদর্শিতা নিয়ে নানা অভিযোগ ওঠে বিশেষ করে গত বছর অক্টোবর মাসে যখন এসব কলেজের শিক্ষার্থীরা মাঠে নামেন। তারা তাদের দাবিতে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান জানায়।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর মাসে সরকার একটি বিশেষ কমিটি গঠন করে। এই কমিটি তিন মাস ধরে কাজ করে যেখানে কলেজগুলো পরিদর্শন সম্ভাব্যতা যাচাই শিক্ষকদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়।

১৮ ফেব্রুয়ারি ইউজিসি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে সকলের মতামত আহ্বান করে এবং আগ্রহী ব্যক্তিরা তাদের নাম প্রস্তাব পাঠান। আজকের মতবিনিময় সভায় সেই প্রস্তাবগুলোর মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি চূড়ান্ত করা হয়।

এই নামকরণের মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দীর্ঘ আন্দোলনের একটি সফলতা দেখতে পাচ্ছেন। নতুন বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে উচ্চ শিক্ষার মানোন্নয়ন এবং সময়োপযোগী শিক্ষাপদ্ধতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

All Categories