সারাদেশে বৃষ্টি, ঢাকায় কোথাও ভারী বর্ষণ
ঢাকাসহ দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী ২৪ ঘণ্টা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিতে নগরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।