শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম

নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত না করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শাপলা যদি প্রতীক হিসেবে অনুমোদন না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না । অন্যান্য জাতীয় প্রতীকের অংশও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। সেই হিসেবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।

সারজিস আলম আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে কোনো আইনগত বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে তালিকাভুক্ত আছে। যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলে দেওয়া উচিত।

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা প্রতীকটি তফসিলভুক্ত করা হবে না—এ বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

All Categories