শান্তিপূর্ণভাবে শেষ হলো চাকসু নির্বাচন, ফলাফলের অপেক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালটগুলো ডিন অফিসে নেওয়া হয়েছে। সেখানে ক্যামেরার সামনে গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে। এখন ব্যালটগুলো আলাদা করে গণনার প্রস্তুতি চলছে।
দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন কেন্দ্রে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা সারাদিন অবস্থান করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
তবে কিছু অনিয়মের অভিযোগও উঠেছে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে কিছু কেন্দ্রে সইবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে এবং অমোচনীয় কালি সহজেই উঠে যাচ্ছে। এ ছাড়া কিছু কেন্দ্রে ভোটগ্রহণে অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেছেন তাঁরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের দাবি, সব কেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল।এখন শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ফলাফল ঘোষণার।