শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা দিতে চায় ব্রিটেন
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা দিতে চায় ব্রিটেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এ আগ্রহের কথা জানিয়েছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৈঠক শেষে সাংবাদিকদের সারাহ কুক বলেন, আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। আমরা নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য নির্বাচন কমিশনকে সমর্থন করছে, বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলোর জন্য জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির আওতায় ভোটার শিক্ষণ ও ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে। আজ আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন।
ইসি সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে সংস্থাটি।