সাংবাদিক আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওন আফরোজসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ করা হয়েছে। অপর অভিযুক্ত দুজন হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। পুলিশ জানিয়েছে, অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
গতকাল রোববার রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়ে আছেন। তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, সাইবার–সম্পর্কিত একটি বিষয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।