সাম্য হত্যার বিচারেরে দাবিতে ফের শাহবাগ অবরোধ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার পর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে শাহবাগ এলাকা হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
অবরোধকারীরা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।
শাহরিয়ার হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ এনে ছাত্রদল দাবি জানায় দ্রুত প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার।
এর আগে গত রোববারও ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। সেদিন প্রায় পৌনে দুই ঘণ্টা শাহবাগে যান চলাচল বন্ধ থাকে।
ওই কর্মসূচি থেকে ছাত্রদলের শীর্ষ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে তাঁরা হুঁশিয়ারি দেন, শাহরিয়ার হত্যাকাণ্ডের বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে যমুনা ভবন ঘেরাও করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন।