সামরিক অভিযানের ‘সবুজ সংকেত’ দিলেন মোদি!

জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে উপযুক্ত পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই বার্তা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস)-র সঙ্গে আরও একটি বৈঠকে বসবেন বলে জানা গেছে।

বৈঠকে মোদি বলেন, সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প। ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কবে, কখন, কোথায় আঘাত হানতে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আপনাদের আছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজএনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে পেহেলগাঁও হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ার সবুজ সংকেত দিয়েছেন।

মঙ্গলবারের এই বৈঠকের পর পরই প্রধানমন্ত্রী মোদির বাসভবনে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে করে পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও এলাকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হন। সেই ঘটনার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করেছিল নয়াদিল্লি। তাদের দাবি ছিল, সেখানে জইশ-ই-মোহাম্মদ নামের একটি জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি ছিল, যাদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পৃক্ততা রয়েছে।

All Categories