Mar 12, 2025
সালাহর পরবর্তী গন্তব্য হতে পারে বার্সা

সালাহর পরবর্তী গন্তব্য হতে পারে বার্সা

বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ এবং তার ক্লাব লিভারপুলের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা থমকে গেছে যার ফলে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়েছে। সালাহর নতুন চুক্তি নিয়ে একমত হতে না পারায় এই মিশরীয় তারকা নতুন ঠিকানার সন্ধানে আছেন বলে খবর উঠেছে। আর এই পরিস্থিতিতে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে সালাহ নাকি নিজেই বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।  এজন্য তাকে বেতন কমানোর একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।

বর্তমানে লিভারপুলে সালাহ বছরে প্রায় ১৮ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন যা তাকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ে পরিণত করেছে। কিন্তু বার্সেলোনা বর্তমানে আর্থিক সংকটে রয়েছে এবং তাদের জন্য এমন একটি বিশাল বেতন প্রদান করা সম্ভব নয়। লা লিগার অর্থনৈতিক বিধিনিষেধের কারণে বার্সেলোনা এখনও তাদের বেতন কাঠামো ঠিক করতে পারেনি। যদি সালাহ ক্যাম্প ন্যুতে যোগ দিতে চান তবে তাকে নিজের বেতন উল্লেখযোগ্য পরিমাণে কমাতে হবে।

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি লিভারপুলের আরেক তারকা লুইস দিয়াজকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সালাহর চুক্তির অনিশ্চয়তা এবং তার অসাধারণ ফর্মের কারণে বার্সেলোনা বর্তমানে সালাহকেই দলে ভেড়ানোর বিষয়ে বেশি বাস্তবসম্মত মনে করছে।

গত মাসে লিভারপুল কিংবদন্তি স্টিভ ম্যাকম্যানামানের সঙ্গে এক সাক্ষাৎকারে সালাহ এমন কিছু মন্তব্য করেছেন যা তার বিদায়ের ইঙ্গিত হতে পারে। তিনি বলেন আমি চাই সমর্থকরা মনে রাখুক যে আমি তাদের জন্য সবকিছু দিয়েছি। এই শহর এই ক্লাবের জন্য আমি সবটুকু উজাড় করে দিয়েছি। আমি এখানে অলস ছিলাম না শুধু ফুটবল উপভোগ করেছি এবং নিজের সেরাটা দিয়েছি।

এ বক্তব্যের পর থেকেই সালাহর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে। যদিও তার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি তবুও তিনি এই মৌসুমে লিভারপুলের হয়ে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টিরও বেশি ম্যাচে ৫০টিরও বেশি গোল অবদান রেখেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে লিভারপুল এখন প্রিমিয়ার লিগ শিরোপার দ্বারপ্রান্তে।

এখন সালাহর ভবিষ্যৎ নিয়ে কিছু নিশ্চিত না হলেও তার প্রতি আগ্রহী ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনা অন্যতম। এ পরিস্থিতিতে সালাহর পরবর্তী পদক্ষেপ কি হবে তা সময়ের সাথে সাথে স্পষ্ট হবে।

All Categories