শাহরিয়ার সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্রদলের অবস্থান,যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিটি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকাল সাড়ে ৯টার পর থেকেই শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শতাধিক নেতা-কর্মী। অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

অবস্থানরত একাধিক ছাত্রদল নেতা জানান, এখনো হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাঁদের অভিযোগ, প্রশাসন এ বিষয়ে ‘লুকোচুরি’ করছে।

এক ছাত্রনেতা বলেন, আমরা এখনো সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা অগ্রগতি দেখিনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি।

এ বিষয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা বলেছে, কিন্তু এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি এরা কারা। আমরা মনে করছি, প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের বিষয়ে পরিষ্কার নয়।”

ছাত্রদলের পক্ষ থেকে গতকাল দেওয়া এক বিবৃতিতে আজকের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

All Categories