শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়েনার এক যাত্রীকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। তাঁর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, জব্দ করা কোকেনের দাম প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৫ আগস্ট দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৩৮ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর গোয়েন্দারা ফ্লাইটের ৩০এ সিটে বসা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়।

এ সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিটের প্রাথমিক পরীক্ষায় কোকেনের সত্যতা নিশ্চিত হয়েছে।

জব্দ করা কোকেনের ওজন ৮.৬৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। আটক নারী যাত্রীকে পণ্যসহ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফৌজদারি মামলা ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

All Categories