শাহবাগে ছাত্রলীগের বিক্ষোভ, ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পকেট গেটের সামনে বিস্ফোরিত হয়েছে দুটি ককটেল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে কাঠবাদাম গাছের নিচ থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) ভোরে এসব ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ৬টার দিকে কাজী মোতাহার হোসেন ভবনের পাশে কাঠবাদাম গাছের নিচে অবিস্ফোরিত সাতটি ককটেল পাওয়া যায়। এর মধ্যে এক জায়গায় চারটি, অন্য জায়গায় তিনটি ছিল। একই দিন ভোরে একটি আবাসিক হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। যদিও সেটি মূল ক্যাম্পাস এলাকার বাইরে।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা প্রথমে ককটেলগুলোর দেখতে পান। পরে তারা প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।

প্রক্টর জানান, ‘আমরা এখনও নিশ্চিত হতে পারিনি কে বা কারা এসব ককটেল রেখে গেছে। বিষয়টি তদন্তাধীন।’

এদিকে ঘটনার সময় শাহবাগ থেকে পরীবাগমুখী একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের একটি অংশ। প্রক্টরের দাবি, ককটেল বিস্ফোরণের সময়েই মিছিলটি বের হয় এবং সেখানে থেকে একজনকে আটক করা হয়েছে।

তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

All Categories