সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, হতে পারে নিম্নচাপও

মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। কিন্তু তার পরও শুক্রবার (১৭ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে নিম্নচাপে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, এখনো নিশ্চিত নয় এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না। তবে লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে—২৯ মিলিমিটার। বান্দরবানে ছিল ২৪ মিলিমিটার এবং রাজধানী ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বিদায়ের পরও স্থানীয়ভাবে মেঘ সৃষ্টির কারণে অনেক সময় বৃষ্টি হয়। রাজধানীতে গতকাল যে বৃষ্টি হয়েছে, তা ঘূর্ণিবায়ুর আবর্তন ও জলীয় বাষ্পের মিলনে স্থানীয়ভাবে তৈরি মেঘ থেকেই হয়েছে। আজ শনিবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে তিনি জানান।

আবহাওয়াবিদ মল্লিক আরও বলেন, ২৪ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনই এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা বলা যাচ্ছে না।

আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, অক্টোবর মাসে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ইতিমধ্যে হয়েছে, বাকি দুটি লঘুচাপের মধ্যে অন্তত একটি নিম্নচাপে বা এমনকি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বছরের দুটি সময় বাংলাদেশ ঘূর্ণিঝড়প্রবণ—মৌসুমি বায়ু আসার আগে (এপ্রিল–মে) এবং মৌসুমি বায়ু সরে যাওয়ার পর (অক্টোবর–নভেম্বর)। সাধারণত বড় ও শক্তিশালী ঘূর্ণিঝড় দেখা দেয় নভেম্বর মাসে। সে হিসেবে অক্টোবরেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

All Categories