সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জারি করা সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ ওডিশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পর লঘুচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে বায়ুচাপের তারতম্য থাকায় বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলজুড়ে দমকা হাওয়া এবং বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে দেশের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।