সাগর-রুনি হত্যা মামলার অনেক নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শিশির মনির।

মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি গণমাধ্যমকে বলেন, কিছু নথি এবং ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না, যেগুলো তদন্ত ও বিচারপ্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ জানান, ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলি হয়েছে। ফলে পুরোনো নথিপত্র ও ডকুমেন্টস খুঁজে পেতে কিছুটা সময় লাগছে।

এদিকে মামলার তদন্তে আরও সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মঙ্গলবার (২২ এপ্রিল) আরও ছয় মাস সময় বাড়ানোর আদেশ দিয়েছেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত বছরের ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি ও পর্যবেক্ষণের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠন করা হয়।

ওই কমিটিতে পিবিআই প্রধান ছাড়াও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন একজন পুলিশ প্রতিনিধি, সিআইডি এবং র‌্যাব থেকে একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি।

All Categories