সাদাপাথরে লুট হওয়া আরও ৪৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর ফেরত আনার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল রাতেই বিষয়টি নিশ্চিত করে জানায়, গত দুই দিনে মোট প্রায় ১ লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে। এর মধ্যে অর্ধেক ইতোমধ্যে সাদাপাথরে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।

সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মো. মাসুদ রানা বলেন, বুধবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত টানা অভিযানে এ বিপুল পরিমাণ পাথর জব্দ হয়েছে। উদ্ধারকৃত পাথর পর্যায়ক্রমে সাদাপাথরে ফেরত পাঠানো হচ্ছে।

এদিকে, পাথর ব্যবসায়ীরা অভিনব কৌশলে এসব লুট হওয়া পাথর লুকিয়ে রাখছিলেন বলে জানা গেছে। শুক্রবার খবর পেয়ে জেলা প্রশাসন কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকায় অভিযান চালায় এবং মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির জানান, উদ্ধার হওয়া সাত ট্রাক পাথর ইতোমধ্যে সাদাপাথরে পাঠানো হয়েছে। আরও আনুমানিক পাঁচ হাজার ঘনফুট পাথর শনিবার ফেরত পাঠানো হবে।

All Categories