সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার সব ব্যাংকে চিঠি পাঠিয়ে তিন কর্মদিবসের মধ্যে এসব তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারা আছেন তালিকায়
সাবেক গভর্নরদের মধ্যে রয়েছেন ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আর আব্দুর রউফ তালুকদার গত বছরের ৭ আগস্ট পলাতক অবস্থায় ই-মেইলে পদত্যাগ করেন।
ছয় সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে রয়েছেন— সরকার পতনের পর দুদকের মামলায় কারাগারে থাকা এস কে সুর চৌধুরী, সাবেক বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস, তার আগের দীর্ঘদিনের বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।
বিএফআইইউর চিঠিতে প্রত্যেকের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) এবং সংশ্লিষ্ট সব তথ্য চাওয়া হয়েছে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেই তথ্যও জানাতে হবে।