সাবেক শিবির নেতাদের প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’, লক্ষ্য রাজনৈতিক দল গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্ল্যাটফর্মটির নাম ও লক্ষ্য ঘোষণা করেন আলী আহসান জুনায়েদ। তিনি নিজেকে এ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচয় দেন।
জুলাই-অগাস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা জুনায়েদ তার পোস্টে লেখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহিদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা।
প্ল্যাটফর্মটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গঠন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
জুনায়েদ বলেন, রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যে বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই।
চারটি মূল বাধা ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিকে ‘রাহুগ্রাস’ হিসেবে চিহ্নিত করে সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রত্যয় থাকবে ‘আপ বাংলাদেশ’-এর প্রস্তাবনায়। এছাড়া দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যও থাকবে প্ল্যাটফর্মের।
এ বিষয়ে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আলী আহসান জুনায়েদ জানান, চলতি এপ্রিলের শেষ সপ্তাহে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তার আগে একটি সার্চ কমিটি প্রকাশ করা হবে। আনুষ্ঠানিক ঘোষণা শেষে মানুষের সাড়া পর্যালোচনা করা হবে। মানুষ চাইলে এটি রাজনৈতিক দলে রূপ নিতে পারে।