রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে, ডাকসুর ভিপি প্রার্থী জালাল আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালাল আহমদকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাঁকে হল থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি তাঁর ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন জালাল।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালান ও শব্দ করতে থাকে। এতে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রতিবাদ করলে সে আমাকে বহিরাগত ও অবৈধ বলে গালি দেয় এবং রেগে গিয়ে ছুরিকাঘাত করে। পরে কোনোরকমে আমি আত্মরক্ষা করতে সক্ষম হই।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে পুলিশে সোপর্দ করে। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও জানান, জালালের বিরুদ্ধে পূর্বে করা অভিযোগগুলোও নতুন করে খতিয়ে দেখা হবে।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন মুহসীন হলের শিক্ষার্থীরা। তারা প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন। এ বিষয়ে প্রক্টর বলেন, শিক্ষার্থীরা যদি বুধবার উপাচার্যের সঙ্গে বসে দাবিগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে।

All Categories