ঋণখেলাপিরা নির্বাচন করতে পারবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবে না এবং কালো টাকার ব্যবহার ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের ওপর।

মঙ্গলবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ইপি-পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন জানান, নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণখেলাপিদের শনাক্ত করা এবং কালো টাকার উৎস ও প্রক্রিয়া দুটোর ওপরই নজর দেওয়া। তিনি বলেন, “উৎসের দিক থেকে এখন মোটামুটি নিয়ন্ত্রণ এসেছে। প্রক্রিয়াতেও কড়াকড়ি দরকার।”

তিনি আরও বলেন, এখন আগের মতো ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, পত্রিকা, ফ্ল্যাট—সব এক ব্যক্তির হাতে নেই। তুলনামূলকভাবে “চেক অ্যান্ড ব্যালেন্স” তৈরি হয়েছে। তবে রাজনৈতিক নেতারা যদি অর্থের বিনিময়ে মনোনয়ন ও ভোটের সংস্কৃতি বজায় রাখেন, তাহলে অর্থ মন্ত্রণালয় একা কিছু করতে পারবে না।

অর্থ উপদেষ্টা আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দেবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লজিস্টিক সাপোর্টও দেওয়া হচ্ছে। তিনি বলেন, “কোনও রাজনৈতিক নেতা বললেই নির্বাচন বন্ধ হবে না, নির্বাচন অবশ্যই হবে। সরকার ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।”

 

 

 


 

All Categories