রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কথোপকথনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আইএমএফ প্রধান। ওয়াশিংটন ডিসি থেকে সংযুক্ত হয়ে জর্জিয়েভা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ঘিরে চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

আইএমএফ প্রধান বলেন, অল্প সময়েই আপনি অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে দায়িত্ব নিয়েছেন।

বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা ও বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের ফলে রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন তিনি।

ড. ইউনূস কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রোজার আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তিনি নিজের কাজে ফিরে যাবেন।

কথোপকথনে জর্জিয়েভা রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সাহসী সংস্কারের ওপর জোর দেন। তিনি বলেন, শক্ত অবস্থানে যেতে হলে সংস্কার জরুরি।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়েছে।

এ সময় নেপালের জেন-জি আন্দোলন ও বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ নিয়েও আলোচনা হয়।কথোপকথনের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

All Categories