রমজান মাসে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা
রমজান মাস শুরু রোববার। ধর্মপ্রাণ মুসলমানরা এ মাসে ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেন। মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থাকলে ৬ মার্চের পর একটু কমতে পারে। এমাসে বৃষ্টির সাথে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। চলতি মাসের ৬ তারিখের পর তাপমাত্রা একটু কমতে পারে। কারণ, এ সময় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। তবে গরমের অনুভূতি একটু বাড়তে পারে।
বৃষ্টি হওয়ার আগে মেঘমালা তৈরির সময় বাতাসে আদ্রতা বেড়ে যায়। এতে তাপমাত্রা বেড়ে যায়। এই সময় দেশের আকাশের অনেক স্থানে আংশিক মেঘলা থাকতে পারে।
বহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ও দেশের অন্যত্র সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। পরে তা উত্তরাঞ্চলে বিস্তৃত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সমকালকে বলেন, মার্চ মাসের ১০ তারিখের পর ঝড়ে হাওয়া বয়ে যেতে পারে। এ সময় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কালবৈশাখী ঝড় বেড়ে যেতে পারে।
তিনি আরও জানান, মার্চের ১০ তারিখের পর অধিকাংশ সময়ই দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে ১৫ তারিখের পর কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
মার্চ মাসে দেশের উত্তরাঞ্চলের দু-এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া ১৮ তারিখের পর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু স্বল্পস্থায়ী তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি রাতের দিকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে।
২৫ তারিখের পর দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা আছে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র কালবৈশাখী ঝড়ের (৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে) আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মার্চ মাসে কালবৈশাখী ঝড় হবে। আর কালবৈশাখী অল্প সময় ধরে হয়। এর ব্যাপ্ত ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা। এ সময় প্রচণ্ড বজ্রপাত হয়, এর সঙ্গে থাকে বিদ্যুৎ চমক।