রক্তচাপ কমাতে দরকার নেই ওষুধের, গবেষকরা বলছেন নিয়মিত খান দু’টি খাবার

উচ্চ রক্তচাপ অনেক সময়ই নিঃশব্দ ঘাতকের মতো বিপদ ডেকে আনে। সাম্প্রতিক সময়ে কম বয়সিদের মধ্যেও হার্ট অ্যাটাকের আশঙ্কাজনক প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আচমকা রক্তচাপ বৃদ্ধিই এর অন্যতম প্রধান কারণ। তাই আগেভাগেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ওষুধ ছাড়াও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে সমস্যার মোকাবিলা করা যেতে পারে এমনই আশা জাগাচ্ছে এক সাম্প্রতিক গবেষণা।

কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর গবেষকেরা জানিয়েছেন, নিয়মিত কলা ও ব্রকোলি খাওয়ার অভ্যাস গড়ে তুললে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাঁদের মতে, এই দুই খাবারে রয়েছে পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্যপূর্ণ অনুপাত, যা উচ্চ রক্তচাপ রোধে সহায়ক। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অব ফিজ়িয়োলজি-তে।

গবেষক অনিতা লেটনের ভাষায়, শরীরে সোডিয়ামের মাত্রা কমিয়ে পটাশিয়াম বাড়ানো গেলে রক্তচাপ ওঠানামা করার আশঙ্কা অনেকটাই কমে যায়। তিনি জানান, উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে এই দু’টি উপাদানের ভারসাম্য বজায় রেখে খাদ্য গ্রহণ করানো হলে বেশিরভাগ ক্ষেত্রেই রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।

গবেষকেরা উচ্চ রক্তচাপ আক্রান্ত একাধিক রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, নিয়মিত তিন বেলা ব্রকোলির স্যুপ ও দিনে এক বা একাধিক কলা খাওয়ানোর পর প্রায় ৭২ শতাংশ রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে। তবে গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বৃহৎ পরিসরে এই পরীক্ষা চালানোর পরই চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকেরা।

এই গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দেখা গেছে, পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্য রক্তচাপের উপর কীভাবে প্রভাব ফেলে, তা নির্ভর করে ব্যক্তির লিঙ্গের ওপরও। পুরুষদের ক্ষেত্রে রক্তচাপের তারতম্য হওয়ার সম্ভাবনা মহিলাদের চেয়ে বেশি। তাই পুরুষদের খাদ্যতালিকায় ব্রকোলির মতো সবজি নিয়মিত রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।

ওষুধের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হতে পারে। কলা ও ব্রকোলির মতো সহজলভ্য খাবার হতে পারে সেই পথ্যের অংশ। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় পরিবর্তন আনা উচিত পরামর্শ বিশেষজ্ঞদের।

All Categories