রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণে’র হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিক্ষক নেটওয়ার্কের
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য ১৩ দফা দাবি তুলে ধরে তারা।
লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার ও মোশাহিদা সুলতানা। সেখানে বলা হয়, হাইকোর্টে রিট করার জেরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন ফেসবুকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে জানা গেছে। লিখিত বক্তব্যে বলা হয়, হুমকিদাতা আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
শিক্ষক নেটওয়ার্কের অন্য দাবির মধ্যে রয়েছে—মোট ভোটারের অনুপাতে পর্যাপ্ত বুথ স্থাপন, ভোটদানের সময়সীমা বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ানো, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করা, আচরণবিধি সংক্রান্ত সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রহণ করা, দায়িত্ব বণ্টনে বৈষম্য না করা, সাইবার বুলিং বন্ধে ব্যবস্থা নেওয়া, অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন নিশ্চিত করা, সংবাদমাধ্যমকর্মীদের আচরণবিধি মানা এবং যৌন হয়রানির ঘটনা সরাসরি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের মাধ্যমে নিষ্পত্তি করা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্ক জানায়, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের মতো এবারও তারা স্বাধীনভাবে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক কামরুল হাসান মামুন, অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানসহ আরও কয়েকজন শিক্ষক।