রেমিট্যান্সে নতুন রেকর্ডের সম্ভাবনা ১৯ দিনে এলো ২৭৪৭৪ কোটি টাকা

মার্চ মাসের প্রথম ১৯ দিনে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ২২৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক ৪ শতাংশ বেশি। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স। প্রবাসী আয় প্রবাহের এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি মার্চ মাসে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ঈদকে সামনে রেখে প্রবাসীরা ব্যাপক হারে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর মার্চের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ কোটি ডলার, যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১ হাজার ৬৩৪ কোটি ডলার। এতে দেখা যাচ্ছে, বর্তমান অর্থবছরে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্চের প্রথম ১৫ দিনে দেশে এসেছিল ১৬৬ কোটি ডলার রেমিট্যান্স। অর্থাৎ, পরবর্তী চার দিনে এসেছে আরও ৫৯ কোটি ডলার। শুধু ১৯ মার্চেই দেশে এসেছে ১৩ কোটি ২০ লাখ ডলার, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে।

এর আগে, মাসিক হিসাবে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৪ সালের ডিসেম্বরে, যার পরিমাণ ছিল ২৬৪ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, ২৫৪ কোটি ডলার। তবে চলমান প্রবাহ অব্যাহত থাকলে মার্চে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়িয়ে নতুন মাইলফলক অর্জন করবে বাংলাদেশ।

All Categories