রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের এনসিপির শ্রদ্ধা দ্রুত বিচারের দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে যে দমন-পীড়ন হয়েছে, তার দ্রুত বিচার প্রয়োজন। ন্যায়বিচারের মাধ্যমে যাঁরা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন, তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। এই বিচার যেন একটি শক্তিশালী উদাহরণ হয়ে থাকে, যাতে ভবিষ্যতে ফ্যাসিজম গড়ে উঠতে না পারে।তিনি এই মন্তব্য করেন আজ সকালে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে,জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার পর।

এর আগে,এনসিপির নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ সম্ভব হবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এটি একটি নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করবে।

রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন,যতদিন না আমরা খুনি হাসিনার ফাঁসি দেখতে পাচ্ছি,ততদিন নির্বাচন নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। খুনি হাসিনা কোথায় শহীদদের লাশ ফেলেছে,তা জানা যায়নি। মায়েরা তাদের সন্তানদের লাশ খুঁজছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত আমরা কীভাবে অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারি?

এছাড়া এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ক্ষমতায় এসেছে। তাদের মনে রাখতে হবে, বিচার নিশ্চিত না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে এই বিচার সম্পন্ন করা উচিত।

আজকের কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

All Categories