রাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়তে পারে
রাজধানীর মেট্রো রেলের চলাচলের সময় বাড়াতে কাজ করছে ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ইতিমধ্যে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করতে পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সময় বৃদ্ধির ঘোষণা আসতে পারে।
জানা গেছে, চলতি মে মাসের শেষ দিকে বা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময়ে চলবে মেট্রো রেল।এ সময় দুই ট্রেনের মাঝখানের ব্যবধান আধা মিনিট কমবে। অর্থাৎ সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে।ডিএমটিসিএল সূত্রে জানা যায়, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রো রেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ মেট্রো রেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়।
অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রো রেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রো রেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রো রেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।অবশ্য সকালে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।